ইয়ামামার যুদ্ধের দিন হযরত আবদুল্লাহ ইবনে মাখরামা (রা.) এর রোযা রাখা।
হযরত ইবনে ওমর (রা.) বলেন, ইয়ামামার যুদ্ধের দিন আমি হযরত আবদুল্লাহ ইবনে মাখরামা (রা.) এর নিকট আসিলাম। তিনি আহত অবস্থায় নিস্তেজ হইয়া পড়িয়াছিলেন। আমি তাহার নিকট আসিয়া দাঁড়াইলাম। তিনি বলিলেন, হে আবদুল্লাহ ইবনে ওমর! ইফতারের সময় হইয়াছে কি? আমি বলিলাম, জ্বি হাঁ। তিনি বলিলেন, এই কাঠের ঢালে করিয়া পানি লইয়া আস, আমি উহা দ্বারা ইফতার করিব। হযরত ইবনে ওমর (রা.) বলেন, আমি (পানি আনার জন্য) হাউজের নিকট গেলাম।
হাউজ পানি দ্বারা পরিপূর্ণ ছিল। আমার নিকট একটি চামড়ার ঢাল ছিল। আমি উহা দ্বারা হাউজ হইতে পানি উঠাইলাম এবং উহা হইতে দুই হাতে (সেই) কাঠের ঢালে পানি ভরিলাম। অত:পর সেই পানি লইয়া হযরত ইবনে মাখরামা (রা.) এর নিকট আসিলাম। আসিয়া দেখিলাম যে, তাহার ইন্তেকাল হইয়া গিয়াছে। (ইস্তিয়াব)
0 মন্তব্যসমূহ