হযরত মুনীব আযাদী (রা:) বলেন, আমি জাহিলিয়াতের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি। তিনি বলিতেছিলেন, হে লোকসকল, তোমরা 'লা-ইলাহা ইল্লাল্লাহ' বল, সফলকাম হইবে। তাহার এই আহবান শুনিয়া কেহ তাহার মুখে থুথু নিক্ষেপ করিতেছিল, কেহ মাটি নিক্ষেপ করিতেছিল আর কেহবা তাহাকে গালাগাল দিতেছিল। এইভাবে দ্বিপ্রহর হইয়া গেল। এমন সময় একটি মেয়ে এক পেয়ালা পানি লইয়া আসিল। তিনি উহা দ্বারা মুখ ধৌত করিয়া বলিলেন, হে আমার বেটি, তোমার পিতার জন্য আকষ্মিকভাবে নিহত হইবার বা কোন প্রকার অপমানের আশংকা করিও না। আমি জিঞ্জেসা করিলাম, এই মেয়েটি কে? লোকেরা বলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়নাব (রা:)। 
হযরত ওরওয়া (রা:) বলেন, আমি হযরত ইবনে আস (রা:) কে বলিলাম, মুশরিকগন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাপেক্ষা বেশী কষ্ট দিয়াছে এমন ঘটনা বলুন। 


তিনি বলিলেন, একবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতীমে কা'বায় নামায পড়িতেছিলেন। এমন সময় ওকবা ইবনে আবি মুআইত অগ্রসর হইয়া তাহার গলায় কাপড় পেঁচাইয়া খুব জোরে কষিয়া ধরিল। হযরত আবু বকর (রা:) আসিয়া ওকবাকে ধরিয়া তাহার কাধের উপর হইতে সরাইয়া দিয়া বলিলেন-
অর্থ:- তোমরা কি একজন মানুষকে শুধু এই কথার জন্য হত্যা করিতে চাহিতেছ যে, সে বলে, আল্লাহই আমার পরওয়ারদিগার, অথচ তিনি তোমাদের রব্বের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শনাবলী লইয়া আসিয়াছেন? (বিদায়াহ)

লেখক: অধ্যক্ষ হাফিজ মৌ এম. এ. জলিল