হযরত আলী (রা.) বলিলেন, আমি তো যে কোন দুশমনের সহিত মুকাবিলা করিয়াছি আমার হক আমি উসুল করিয়া লইয়াছি। (অর্থাৎ সর্বদাই আপন দুশমনকে পরাজিত করিয়াছি।) তথাপি তোমরা আমাকে বল, সর্বাপেক্ষা বড় বীর কে? লোকেরা বলিল, আমরা জানি না, আপনিই বলিয়া দিন, কে বড় বীর? হযরত আলী (রা.) বলিলেন, তিনি হযরত আবু বকর (রা.)। বদর যুদ্ধের দিন যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ছাপড়া তৈয়ার করিলাম তখন আমরা বলিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কে থাকিবে? যাহাতে কোন মুশরিক তাহার দিকে আসিতে না পারে? আল্লাহর কসম, কেহই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত থাকিতে সাহস করে নাই, একমাত্র হযরত আবু বকর (রা.) ই ছিলেন, যিনি খোলা তলোয়ার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নিকট দাঁড়াইয়া ছিলেন। যখন কোন দুশমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হইবার এরাদা করিত তিনি তাহার উপর ঝাঁপাইয়া পড়িতেন। ইনিই হইলেন লোকদের মধ্যে সর্বাপেক্ষা বড় বীর ও বাহাদুর ব্যক্তি। (মাজমা)
0 মন্তব্যসমূহ