সাইয়্যেদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াককুল      


"হযরত জাবের (রা:) হইতে বর্ণিত আছে যে, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নাজদ এলাকায় জেহাদে গেলেন। ফিরিবার পথে বৃক্ষ পরিপূর্ণ এক ময়দানে দ্বিপ্রহরে আরামের সময় হইল। লোকেরা বিভিন্ন গাছের ছায়ায় ছড়াইয়া পড়িল।


 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটি গাছের সহিত নিজের তরবারী ঝুলাইয়া রাখিয়া উহার ছায়াতে আরাম করিলেন। হযরত জাবের (রা:) বলেন, আমরা সামান্য সময় ঘুমাইয়াছি মাত্র, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে ডাকিলেন। আমরা তাঁহার ডাকে উপস্থিত হইয়া দেখিলাম, তাঁহার নিকট এক বেদুঈন বসিয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার নিদ্রাবস্থায় এই ব্যাক্তি আমার তরবারী উন্মুক্ত করিয়াছে। আমি জাগ্রত হইয়া দেখি তাহার হাতে উন্মুক্ত তরবারী। অত:পর সে বলিল, কে তোমাকে আমার হাত হইতে রক্ষা করিবে? আমি বলিলাম, আল্লাহ! সে (পুনরায়) বলিল, কে তোমাকে আমার হাত হইতে রক্ষা করিবে? আমি বলিলাম, আল্লাহ! তারপর সে তরবারী বন্ধ করিয়া বসিয়া পড়িল। তাহার এইরুপ কার্যকালাপ সত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে কোন শাস্তি প্রদান করিলেন না। (বোখারী ও মুসলিম)
হায়াতুস সাহাবাহ ৪র্থ খন্ড"